দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেইজিংয়ে আসন্ন বৈঠককে সামনে রেখে আবারও আলোচনায় এসেছে ‘তাইওয়ান স্বাধীনতা’ প্রশ্নটি। দ্বীপটি আদৌ স্বাধীন কি না—এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
তাইওয়ানের ইতিহাস বহুস্তরীয়। একসময় ‘ফরমোসা’ নামে পরিচিত এই দ্বীপ ১৭শ শতকে ইউরোপীয়দের স্বল্পকালীন শাসনের পর ১৬৮৪ সালে চীনের কিং রাজবংশের অধীনে আসে। ১৮৯৫ সালে জাপানের কাছে হেরে চীন এটি হারায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ১৯৪৫ সালে এটি আবার চীনের রিপাবলিক অব চায়নার নিয়ন্ত্রণে যায়। ১৯৪৯ সালে গৃহযুদ্ধে পরাজিত হয়ে রিপাবলিক অব চায়নার সরকার তাইওয়ানে গিয়ে অবস্থান নেয় এবং সেখানেই তাদের শাসনব্যবস্থা চালু রাখে।
অন্যদিকে মূল ভূখণ্ডে প্রতিষ্ঠিত হয় পিপলস রিপাবলিক অব চায়না, যা তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে। বেইজিংয়ের মতে, তাইওয়ান আলাদা রাষ্ট্র নয়, বরং চীনের একটি প্রদেশ।
আন্তর্জাতিক ক্ষেত্রে তাইওয়ানের অবস্থান জটিল। ১৯৭১ সালে জাতিসংঘে চীনের আসন পায় বেইজিং, ফলে তাইওয়ান কূটনৈতিক স্বীকৃতিতে বড় ধাক্কা খায়। বর্তমানে অল্প কয়েকটি দেশই আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি দেয়। তবে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখে এবং প্রতিরক্ষা সহযোগিতাও করে।
বাস্তবিক দৃষ্টিকোণ থেকে তাইওয়ান একটি স্বাধীন রাষ্ট্রের মতো পরিচালিত হয়। সেখানে নির্বাচিত সরকার, নিজস্ব সামরিক বাহিনী, মুদ্রা ও প্রশাসনিক কাঠামো রয়েছে। তাইওয়ানের সরকারও নিজেদের সার্বভৌম বলে দাবি করে এবং বেইজিংয়ের কর্তৃত্ব অস্বীকার করে।
তবে আন্তর্জাতিক আইনি স্বীকৃতির অভাবে তাইওয়ানের অবস্থান ‘ডি ফ্যাক্টো’ স্বাধীন হলেও ‘ডি জুরে’ স্বাধীন নয়। অর্থাৎ বাস্তবে স্বাধীনভাবে পরিচালিত হলেও আইনি স্বীকৃতি সীমিত।
তাইওয়ানের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ‘রিপাবলিক অব তাইওয়ান’ ঘোষণা করাও সহজ নয়। এর জন্য সংবিধান সংশোধন, সংসদে বিপুল সমর্থন এবং গণভোট প্রয়োজন। পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনও বড় বাধা হয়ে আছে।
সব মিলিয়ে, তাইওয়ান বাস্তবে স্বাধীন রাষ্ট্রের মতো হলেও আন্তর্জাতিক স্বীকৃতির সীমাবদ্ধতার কারণে এর পূর্ণ স্বাধীনতা এখনো একটি জটিল ও বিতর্কিত বিষয় হিসেবেই রয়ে গেছে।
সূত্র: রয়টার্স
এমএস/